আবহাওয়া
ছবি: সংগৃহীত

তেঁতুলিয়ায় ডিসেম্বরের শুরুতেই কনকনে শীত, চার দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে।

নিজেস্ব প্রতিবেদক:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীত যেন আগেভাগেই জেঁকে বসেছে। গত চার দিন ধরে উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘুরপাক খাচ্ছে।

হিমালয়ের দিক থেকে নেমে আসা ঠান্ডা বাতাসে ভোরবেলা থেকে রাত পর্যন্ত শীতের দাপট স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার পর্যবেক্ষণে তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। এর তিন ঘণ্টা আগে সকাল ৬টায় রেকর্ড হয় ১০ দশমিক ৭ ডিগ্রি। আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ—তাই আবহাওয়ায় ঠান্ডা ভাব আরও বাড়তি অনুভূত হয়েছে।

যদিও আজ ভোরে কেবল হালকা কুয়াশা দেখা গেছে, ঘন কুয়াশা নেই; তবে রোদ উঠলেও সেই রোদে উষ্ণতার ছোঁয়া মিলছে না। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে—দিন-রাতের এই বড় ফারাক শীতের তীব্রতা আরও বাড়াচ্ছে।

শীতে নাজেহাল এলাকার সাধারণ মানুষ। গ্রামের মোড়, রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার দৃশ্য এখন নিয়মিত।এলাকার এক বাসিন্দা বলেন, “কয়েকদিন ধরে শীত এমনভাবে বাড়ছে যে বাইরে হাঁটাচলা  করাই কষ্টকর হয়ে যাচ্ছে।”

মহানন্দা নদীতে পাথর তুলতে যাওয়া এক শ্রমিক জানান, “এই ঠান্ডার মধ্যে পানিতে নেমে কাজ করতে হচ্ছে। শরীর জমে যাচ্ছে। সরকারি কোনো সহায়তা থাকলে ভালো হতো।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রা টানা ১০ ডিগ্রি ঘরে নামায় ধারণা করা হচ্ছে সামনে শৈত্যপ্রবাহ আরও জোরালোভাবে বইতে পারে।

মতামত দিন