উত্তরাঞ্চলে হঠাৎ তীব্র শীত, তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় দিন দিন তীব্র শীতের প্রভাব বাড়ছে। হিমালয় থেকে বয়ে আসা শীতল বাতাস এবং ঘন কুয়াশার কারণে উত্তরে শীত অনুভূত হয়েছে আরও তীব্রভাবে।
রোববার (৭ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সঙ্গে বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে গত সাতদিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হচ্ছিল।
দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায়, হালকা রোদের আলো থাকলেও শীত আরও প্রবল অনুভূত হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। কুয়াশার কারণে দিনে সূর্যের তাপ কম ভূপৃষ্টে পৌঁছায়, ফলে দিনের বেলাতেও শীত অনুভূত হচ্ছে।
শীতজনিত রোগে শিশু ও বয়স্করা হাসপাতালে ভর্তি হচ্ছেন। জেলা প্রশাসন ইতিমধ্যে প্রায় ৮ হাজার শীতবস্ত্র বিতরণ করেছে। আরও লক্ষাধিক মানুষের জন্য শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয়ে বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান।
মতামত দিন