আবহাওয়া
ছবি: সংগৃহীত

আবারও দুর্যোগের হাতছানি: ঘূর্ণিঝড়, কালবৈশাখী ও শিলাবৃষ্টি।

সারা দেশে কয়েক দিন ধরে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টি হচ্ছে। একই সঙ্গে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

এর মধ্যেই মে মাসে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আশঙ্কা রয়েছে শিলা ও বজ্রবৃষ্টিসহ তীব্র কালবৈশাখী ঝড়েরও।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক এস এম কামরুল হাসান স্বাক্ষরিত এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া ২ থেকে ৩ দিন মাঝারি বা তীব্র এবং ৩ থেকে ৫ দিন হালকা মাত্রার কালবৈশাখী ঝড় হতে পারে, যার সঙ্গে থাকবে বজ্র ও শিলাবৃষ্টি।

তাপপ্রবাহসংক্রান্ত পূর্বাভাসে বলা হয়েছে, মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ১ থেকে ৩ দিন মৃদু (৩৬–৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস), মাঝারি (৩৮–৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২ দিন তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে নদ-নদীর পরিস্থিতি সম্পর্কেও পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে ভারি বৃষ্টিপাত হলে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলের নদ-নদীগুলোর পানি সমতল কিছু সময়ের জন্য বাড়তে পারে।

মতামত দিন