মে মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে, ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে।
এপ্রিল মাস ইতিহাসে সবচেয়ে উষ্ণ মাসগুলোর একটি হলেও এবারের এপ্রিল মোটামুটি শান্তভাবেই কেটেছে। তবে মে মাসে গরম তার পুরোদমে জানান দিতে পারে।
বুধবার (৩০ এপ্রিল) এক পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এসএম কামরুল হাসান বলেন, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে গঠিত হতে পারে ১-৩টি লঘুচাপ, যার মধ্যে ১-২টি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।
এ মাসে দেশে ২-৩ দিন বজ্রসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩-৫ দিন হালকা কালবৈশাখী হতে পারে, যার সঙ্গে শিলাবৃষ্টিও থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।
এছাড়াও মে মাসে দেশের বিভিন্ন স্থানে ১-৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং ১-২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিনে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতে তা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।
নদ-নদীর প্রসঙ্গে তিনি জানান, মে মাসজুড়ে দেশের প্রধান নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। তবে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারি বৃষ্টিপাত হলে উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণাঞ্চলের নদীগুলোর পানি সমতলে উঠানামা দেখা দিতে পারে।

মতামত দিন