ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ তাণ্ডব চালিয়েছে শ্রীলঙ্কায় নিহত ১২৩, বাংলাদেশে সতর্কতা।
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ শ্রীলঙ্কায় তাণ্ডব চালিয়ে কমপক্ষে ১২৩ জনের মৃত্যু হয়েছে। আরও প্রায় ১৩০ জন নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশেও এর প্রভাব অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি প্রধান সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, শনিবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৮৮০ কিমি, কক্সবাজার থেকে ১৮৩০ কিমি, মোংলা থেকে ১৭৫০ কিমি এবং পায়রা থেকে ১৭৫৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিমি এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই কারণে কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সমুদ্র উত্তাল।
আবহাওয়া অধিদপ্তর মাছ ধরার নৌকা ও ট্রলারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে, এবং নিরাপদে উপকূলের কাছাকাছি অবস্থান করতে সতর্ক করেছে।

মতামত দিন