পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে,তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে।
নিজেস্ব প্রতিবেদক:
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। হিমেল হাওয়ার কারণে তাপমাত্রার ওঠানামা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে, যা জেলার গরীব ও খেটে খাওয়া মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টাতেও একই তাপমাত্রা ছিল। বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭–৮ কিলোমিটার। ভোরের শীতল হাওয়া জনজীবনে বাড়তি ঠান্ডার অনুভূতি সৃষ্টি করলেও, দিনের দিকে আকাশ পরিষ্কার হওয়ায় ঝলমলে রোদ দেখা দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্য শীতকে আরও তীব্র করছে।
গতকাল সকালেও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি এবং রোববার রেকর্ড হয়েছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। শীত বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাজারে শীতবস্ত্রের চাহিদা বেড়ে গেছে। সকাল-বিকেলে পথচারী ও শ্রমজীবী মানুষের দুর্ভোগও বেড়েছে।
তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার কৃষক আব্দুর রশিদ বলেন, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। জেলা শহরের ভ্যানচালক জরিফুল ইসলাম জানান, শীত কেবল শুরু হয়েছে এবং এটি আরও কয়েক গুণ বাড়বে। গরীব ও শীতার্তদের জন্য সরকারের শীতবস্ত্র বিতরণ হলে অনেক সহায়তা হতো।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন জানিয়েছেন, আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি রেকর্ড করা হয় এবং সকাল ৯টায় একই রেকর্ড হয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।

মতামত দিন