দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সতর্কতা।
নিজেস্ব প্রতিবেদক:

আবহাওয়া দপ্তরের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে একটি দুর্বল নিম্নচাপ। রোববার (২৩ নভেম্বর) জানা গেছে, এটি ‘সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে’ পরিণত হয়েছে এবং সোমবার (২৪ নভেম্বর) পর্যন্ত এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, এই লঘুচাপ ধীরে ধীরে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বিভিন্ন দেশের আবহাওয়া মডেল ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে ভিন্ন মত দিয়েছেন।
প্রত্যাশা করা হচ্ছে, ভারতীয় অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত যেকোনো স্থানের ওপর দিয়ে এটি উপকূলে আঘাত হানতে পারে। ঝড়ের কারণে ২৫ নভেম্বর সন্ধ্যা থেকে বাতাসের গতি ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ২৬ নভেম্বর পর্যন্ত বাতাসের গতি ৬০–৮০ কিলোমিটার এবং ঘূর্ণিঝড় শক্তিশালী হলে ২৭ নভেম্বর ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে।

মতামত দিন