নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশে অন্তত ১০টি শৈত্যপ্রবাহ,তিনটি হতে পারে তীব্র।
রোববার (৩ নভেম্বর) রাতে প্রকাশিত মৌসুমি পূর্বাভাসে বলা হয়েছে, এবারের শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। শৈত্যপ্রবাহের পাশাপাশি কুয়াশা, বৃষ্টিপাত এবং তাপমাত্রার ওঠানামা বিশেষ করে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের জীবনযাত্রায় প্রভাব ফেলবে।
পূর্বাভাস অনুযায়ী, ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে পারদ নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।
এছাড়া নভেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছে। এ সময় সাগরে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শেষ দিকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে বলেও জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মমিনুল ইসলাম জানিয়েছেন, “নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। সাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এখন থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে।”
মতামত দিন