আবহাওয়া
ছবি: সংগৃহীত

লঘুচাপের সম্ভাবনা, টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস।

নিজেস্ব প্রতিবেদক:

শীতের আগমনী বার্তা নিয়ে কুয়াশা পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে বৃষ্টি যেন এবার বিদায় নিতে নারাজ।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় আগামী পাঁচ দিন টানা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর–উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে যেতে পারে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

রোববার (২ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সেদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে।

সোমবার (৩ নভেম্বর) থেকে আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া থাকবে আংশিক মেঘলা ও শুষ্ক।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।

মতামত দিন