ঢাকা ও আশেপাশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার (৩১ অক্টোবর) বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, এই সময়ে তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।
ঘূর্ণিঝড় মোন্থারের প্রভাবে শুধু ঢাকা নয়, দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৫টার মধ্যে রংপুর বিভাগের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। একই সময়ে রাজশাহী বিভাগের সব জেলার ওপরও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, যার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ওপর বৃষ্টি অপেক্ষাকৃত বেশি।
ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলা ছাড়া অন্যান্য জেলায় দুপুর ৩টার আগে বৃষ্টির সম্ভাবনা কম। খুলনা বিভাগের কুষ্টিয়া ও মেহেরপুর জেলা ছাড়া উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের উপকূলীয় জেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে এবং চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ও ফেনী জেলায় একই সময়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মতামত দিন