আবহাওয়া
ছবি: সংগৃহীত

দেশজুড়ে পাঁচ দিনের ভারি বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমার আভাস।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলে টানা কয়েক দিন বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ দিন মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যাবে।

শুক্রবার রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ঢাকা, রাজশাহী ও সিলেটের কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকবে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও আবহাওয়া থাকবে স্যাঁতসেঁতে।

শনিবার থেকে বৃষ্টি ছড়িয়ে পড়বে দেশের অধিকাংশ এলাকায়। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকাসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

রোববারও একই ধরনের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ময়মনসিংহ, ঢাকা ও সিলেট অঞ্চলে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, সময়ের শুরুতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গেলেও পরবর্তী দিনগুলোতে তা আবারও বাড়তে পারে।

এদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মঙ্গলবার মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। উপকূল অতিক্রমের পর এটি ধীরে ধীরে দুর্বল হয়ে ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে অন্ধ্র প্রদেশের আশপাশে অবস্থান করছে।

মতামত দিন