আবহাওয়া
ছবি: সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোন্থা’, কোন দিকে অগ্রসর হচ্ছে?

নিজেস্ব প্রতিবেদক:

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমশ শক্তিশালী হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার প্রকাশিত ৯ নম্বর বিশেষ সতর্কবার্তা অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ১৪.৬° উত্তর অক্ষাংশ ও ৮৩° পূর্ব দ্রাঘিমাংশের আশেপাশে অবস্থান করছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব প্রায় ১,২৯০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,২৫০ কিমি, মোংলা থেকে ১,১৪০ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,১৫৫ কিলোমিটার। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সন্ধ্যা বা রাতের মধ্যে এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট বাতাসের গতি ঘণ্টায় ৯০ কিমি, যা কখনও ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত বেড়ে যেতে পারে। সাগরও এই এলাকায় বিশেষভাবে উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারদের বলা হয়েছে, উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে এবং গভীর সমুদ্রে না যেতে, যতক্ষণ পর্যন্ত নতুন নির্দেশনা না আসে।

মতামত দিন