উপকূলের কাছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস।
বাংলাদেশের উপকূলের দিকেই দ্রুত এগিয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এর প্রভাবে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরের পর থেকেই দেশের দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি শুরু হতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের সর্বশেষ পূর্বাভাসে জানায়, ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের স্থলভাগে আঘাত না হানলেও, এর বাইরের বৃষ্টিবলয় আজ থেকেই সক্রিয় হতে শুরু করবে। বুধবার (২৯ অক্টোবর) থেকে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির ফেসবুক পোস্টে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার মধ্যরাতে ‘মোন্থা’ অবস্থান করছিল পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। তখন এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৩০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২৬০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১৬৫ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতি ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে কেন্দ্রের নিকটবর্তী সাগর উত্তাল হয়ে উঠেছে।
এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল ও যেকোনো মুহূর্তে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন