দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: ঘূর্ণিঝড়ের শঙ্কা, উপকূলীয় বন্দরগুলোতে সতর্কতা।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের রোববার (২৬ অক্টোবর) সকাল ১০টার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিমি দক্ষিণে, কক্সবাজার থেকে ১ হাজার ২৭০ কিমি দক্ষিণে, মোংলা থেকে ১ হাজার ৩০০ কিমি দক্ষিণে এবং পায়রা থেকে ১ হাজার ২৬৫ কিমি দক্ষিণে অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিমি এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ার সময় ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ফলে কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্র এলাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অন্ধ্র প্রদেশের মাচিলিপত্তম ও কালিঙ্গাপত্তমের মধ্যবর্তী এলাকা ও কাকিনাড়ারার আশপাশে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। এ সময় বাতাসের স্থায়ী বেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিমি এবং ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত হতে পারে।
মতামত দিন