বঙ্গোপসাগরের লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের সব সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বাতাসের গতিবেগ লঘুচাপ কেন্দ্রের নিকটে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি পর্যন্ত হতে পারে এবং সমুদ্র উত্তাল রয়েছে। আবহাওয়ার এই অবস্থার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, জাপানের কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র অনুযায়ী দেশের ৬০টি জেলায় আকাশ মেঘমুক্ত। তবে চারটি জেলায় সামান্য মেঘের উপস্থিতি রয়েছে।
তিনি আরও জানিয়েছেন, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত সিলেট ও মৌলভীবাজার জেলার কিছু এলাকায় এবং কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটি জেলার সীমান্তবর্তী কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলা এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা মৎস্যজীবী ও সমুদ্র সংলগ্ন এলাকার মানুষদের পরামর্শ দিয়েছেন, উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা বা ট্রলার ব্যবহার থেকে বিরত থাকতে।

মতামত দিন