আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ: সব সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন নিম্নচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অফিস বিশেষ বিজ্ঞপ্তিতে দেশের সব সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছে। সকাল ৬টায় এর অবস্থান চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩২০ কিমি দক্ষিণে, কক্সবাজার থেকে ১,২৪৫ কিমি দক্ষিণে, মোংলা থেকে ১,৩২০ কিমি দক্ষিণে এবং পায়রা থেকে ১,২৭০ কিমি দক্ষিণে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমি এর মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন