আবহাওয়া
ছবি: সংগৃহীত

আজ দেশের আবহাওয়া কেমন থাকবে?

নিজেস্ব প্রতিবেদক:

সারা দেশে অক্টোবরের শেষ দিকে বর্ষা পরবর্তী সময়ের কারণে বৃষ্টির পরিমাণ কমে গেছে। বিশেষ করে রাজধানী ঢাকায় গতকাল বুধবার মোটামুটি শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া বিরাজ করেছে।

আজ বৃহস্পতিবারও ঢাকাসহ দেশের অন্যান্য অংশে দিনভর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টি হয়নি। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, “কার্তিকের শুরুতে বৃষ্টি কম হওয়ায় সূর্যের তেজ বেড়ে যাওয়ায় আবহাওয়া উষ্ণ হয়ে থাকে। এ সময় আকাশে মেঘ কম থাকে, যার কারণে দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি অনুভূত হয়।”

বাংলাদেশে বৃষ্টি সম্ভাবনা খুব কম। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিকটবর্তী তামিলনাড়ুতে অবস্থানরত লঘুচাপের প্রভাব দেশের ওপর প্রায় পড়বে না। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চলতি অক্টোবরের শেষের দিকে আন্দামান এলাকায় নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে দেশজুড়ে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সার্বিকভাবে দেশের আবহাওয়া শুষ্ক ও উষ্ণ থাকবে, তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।

মতামত দিন