আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, আগামী পাঁচ দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিজেস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগর ও এর আশপাশে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে তামিলনাড়ু উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে সরতে পারে।

দৈনিক পূর্বাভাস অনুযায়ী, বুধবার চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে, আর দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

বৃহস্পতিবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির আভাস থাকলেও দেশের অন্যান্য অংশে আবহাওয়া আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকবে। সেদিন দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে, রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

রোববার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে, তবে দেশের বেশিরভাগ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সার্বিক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের তাপমাত্রা সামগ্রিকভাবে কিছুটা বৃদ্ধি পেতে পারে।

মতামত দিন