তেঁতুলিয়ায় কুয়াশার চাদরে সকাল, শীতের আগমনী বার্তা।
আশ্বিনের শেষ প্রান্তে এসে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া জুড়ে নেমেছে কুয়াশার আস্তর। কয়েক দিন ধরেই রাত আর ভোরে কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।
ভোরে জানালা খুলতেই চোখে পড়েছে ধোঁয়াটে কুয়াশার পর্দা। শহর থেকে গ্রাম—সবখানেই এমন আবহাওয়া উপভোগ করছেন স্থানীয়রা। কেউ হাঁটতে বের হয়েছেন কুয়াশার ভেতর, কেউ আবার চায়ের দোকানে বসে গরম চায়ের কাপ হাতে গল্পে মেতেছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “গত কয়েকদিন ধরে আবহাওয়ায় পরিবর্তনের ধারা দেখা যাচ্ছে। ভোরের দিকে কুয়াশা ও হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে, যা মৌসুমি পরিবর্তনের ইঙ্গিত।”
তিনি আরও জানান, আগামী কয়েক দিনে তেঁতুলিয়ায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ধীরে ধীরে এখান থেকেই উত্তরবঙ্গ জুড়ে শীতের আবহ শুরু হবে।
মতামত দিন