আবহাওয়া
ছবি: সংগৃহীত

আজ সন্ধ্যায় ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিজেস্ব প্রতিবেদক:

আজ সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে রাজধানী ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, আজকের দিনভর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

অন্যদিকে, সারাদেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—খুলনা, বরিশাল, চট্টগ্রাম  ও সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন থাকবে না।

মতামত দিন