গঙ্গাচড়ায় আকস্মিক ঘূর্ণিঝড়ে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত।
রবিবার (৫ অক্টোবর) সকাল নাগাদ টানা বৃষ্টির মধ্যেই রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আকস্মিকভাবে আঘাত হানে এক প্রবল ঘূর্ণিঝড়। মুহূর্তের ঝড়ে উপজেলার আলমবিদিতর ও নোহালী ইউনিয়নে অন্তত ৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রবল বাতাসে টিনের ছাউনি ও আধা-পাকা ঘরবাড়ি ভেঙে গেছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা।আগাম আমন ধানের ক্ষেতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন,তাদের মধ্যে একজন স্কুল শিক্ষার্থীও রয়েছে।
আলমবিদিতর ইউনিয়নের কুতুব হাজীরহাটের বাসিন্দা নাজমুল আমিন বলেন, “এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল—ঘরের টিন উড়ে গেছে, দেয়াল ধসে পড়েছে।” তাঁর ছেলে মাফি, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী, মাথায় ও পায়ে আঘাত পেয়ে বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
নোহালী ইউনিয়নের সরদারপাড়ার ফনি বেওয়া বলেন, ঝড়ে তাঁর দুটি ঘরই উড়ে গেছে, এখন তিনি পরিবার নিয়ে আশ্রয়ের সন্ধানে রয়েছেন।
নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী জানিয়েছেন, তাঁর ইউনিয়নে প্রায় ৪০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। অপরদিকে, আলমবিদিতর ইউনিয়নের প্রশাসক আফতাবুজ্জামান চয়ন বলেন, তাঁদের এলাকায় অন্তত ৩০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

মতামত দিন