আবহাওয়া
ছবি: সংগৃহীত

আরব সাগরের ঘূর্ণিঝড় ‘শক্তি’ পূর্ব দিকে মোড় নিয়ে দুর্বল হচ্ছে।

নিজেস্ব প্রতিবেদক:

আরব সাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘শক্তি’ এখন দিক পরিবর্তন করে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, সোমবার সকাল নাগাদ ঝড়টি ক্রমে দুর্বল হতে শুরু করবে।

তবে এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার পর্যন্ত ঝড়টির কেন্দ্রীয় এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার অতিক্রম করেছিল। এর ফলে মহারাষ্ট্র উপকূল, বিশেষত মুম্বাইয়ে, রেড অ্যালার্ট জারি করা হয়। রোববার সন্ধ্যার দিকে ঝড়টি উত্তর-পূর্ব ও পশ্চিম-মধ্য আরব সাগরে পৌঁছে দিক বদলে পূর্ব দিকে বাঁক নেয়। এতে মহারাষ্ট্র উপকূল বড় আঘাত থেকে কিছুটা রক্ষা পায়, যদিও বিপদ পুরোপুরি কেটে যায়নি।

আইএমডি সতর্ক করেছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হলেও সমুদ্র উত্তাল থাকবে এবং উপকূলীয় এলাকায় তীব্র ঢেউ ও আকস্মিক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, ওমানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি এখন ধীরে ধীরে আল-সারকিয়া উপকূলের দিকে অগ্রসর হচ্ছে, তবে রবিবার রাত থেকেই এটি দুর্বল হয়ে পড়তে পারে। তাদের হিসেবে, ঝড়টির কেন্দ্র ওমান উপকূল থেকে ১০০ থেকে ২০০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে। যদিও স্থলভাগে বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই, তবুও সামুদ্রিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার পাশাপাশি স্থানীয়দের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ‘শক্তি’ এখন শক্তি হারাচ্ছে, কিন্তু এর অবশিষ্ট প্রভাবে ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস ও ঝোড়ো হাওয়া দেখা দিতে পারে। তাই ভারত ও ওমানের উপকূলীয় অঞ্চলে পরবর্তী ২৪ ঘণ্টা উচ্চ সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।

মতামত দিন