আবহাওয়া
ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণের সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়েছে, চলতি ৪ অক্টোবর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের কিছু এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি এলাকায় একেকটি অঞ্চলে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বর্ষণ (ভারি) এবং সর্বোচ্চ ১৮৮ মিলিমিটার (অতি ভারি) বৃষ্টি নেমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের তথ্য অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ভারি বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

অবশিষ্ট অক্টোবর মাসে দেশের আবহাওয়া স্বাভাবিকের তুলনায় কিছুটা আর্দ্র থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া সামগ্রিকভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ২-৪ দিন মাঝারি থেকে তীব্র বজ্রসহ বৃষ্টি এবং ৩-৫ দিন হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে।

তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে, তবে দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি থাকতে পারে। নদ-নদী সমূহে সাধারণ প্রবাহ থাকবে, কিন্তু ভারি বর্ষণজনিত কারণে কিছু অঞ্চলে পানি  বৃদ্ধি পেতে পারে।

গত মাসে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, আর সিলেট বিভাগের বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হয়েছে।

মতামত দিন