ঝড়-বৃষ্টির শঙ্কা, ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত.
আজ শনিবার, ১৯ এপ্রিল দেশের ৯টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত একটি সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়বৃষ্টি হতে পারে।
যেসব অঞ্চল ঝুঁকির মধ্যে রয়েছে: ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
এই কারণে ওই ৯টি অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলা ও খেপুপাড়ায়, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

মতামত দিন