ভারী বর্ষণে ৭ জেলায় বন্যার আশঙ্কা।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে দেশের সাত জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার আপডেট দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম অঞ্চলের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগামী দুই দিনের মধ্যে এসব নদীর পানি আরও বাড়তে পারে। বিশেষ করে ফেনী জেলায় মুহুরী,সেলোনিয়া ও ফেনী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে। চট্টগ্রাম জেলার ফেনী নদীর পানি সতর্কসীমা স্পর্শ করলে সেখানকার নিম্নাঞ্চলেও সাময়িক বন্যার আশঙ্কা তৈরি হবে। তবে তৃতীয় দিনের দিকে পানি নামতে শুরু করবে বলে ধারণা দেওয়া হয়েছে।
অন্যদিকে, রংপুর অঞ্চলের তিস্তা নদীর পানি কিছুটা বেড়েছে, যদিও ধরলা ও দুধকুমারের পানি কমেছে। আগামী তিন দিনে তিস্তায় পানি বাড়তে পারে, এতে লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবনের ঝুঁকিতে পড়বে।
ময়মনসিংহ বিভাগের কংস নদীতে পানি কমলেও সোমেশ্বরী ও ভুগাই নদীতে পানি স্থিতিশীল রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, তিন দিনের মধ্যে এ নদীগুলোর পানিও বাড়তে পারে, যার ফলে শেরপুর,ময়মনসিংহ ও নেত্রকোনার কিছু অংশে সাময়িক বন্যা দেখা দিতে পারে।
একই সঙ্গে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের তুলনায় উঁচু জোয়ার অব্যাহত রয়েছে, যা আগামী দুই দিন চলতে পারে।
এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আজ রাতের মধ্যে ভারতের ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

মতামত দিন