আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে,দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে প্রভাব।

নিজেস্ব প্রতিবেদক: 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। নতুন ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘শক্তি’।
কেন্দ্র বাংলাদেশের উপকূল থেকে অনেকটা দূরে থাকলেও ইতোমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পূর্বাভাসে তিনি লিখেছেন, সকাল ৯টার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের প্রতিবেদন অনুসারে  ঘূর্ণিঝড় শক্তি তখন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের পূর্বদিকে এবং কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার এবং দমকা আকারে ৮৩ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

তার মতে, ঘূর্ণিঝড় শক্তি বৃহস্পতিবার রাতেই ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মাঝামাঝি উপকূল অতিক্রম করতে পারে। যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর এখনও এটিকে ‘গভীর নিম্নচাপ’ হিসেবেই ঘোষণা করেছে। তবে ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশ অতিক্রম করবে না। তবুও আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, যদিও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

মতামত দিন