বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত।
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার বিকেল ৩টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৬৫ কিলোমিটার, মোংলা থেকে ৮০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উপকূলীয় এলাকায় দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপকেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন