বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত।
উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপটির কেন্দ্র দক্ষিণ ওডিশা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। সন্ধ্যা ৬টার পর্যবেক্ষণ অনুযায়ী, এটি চট্টগ্রাম বন্দর থেকে ৭১০ কিমি, কক্সবাজার থেকে ৬৯৫ কিমি, মোংলা থেকে ৫২৫ কিমি এবং পায়রা বন্দর থেকে ৫৫৫ কিমি দূরে অবস্থান করছিল।
আবহাওয়াবিদদের পূর্বাভাস, নিম্নচাপটি পশ্চিমদিকে অগ্রসর হয়ে শনিবার সকাল নাগাদ দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝড়ো হাওয়া বইতে পারে, সমুদ্রও উত্তাল রয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমির মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতি ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা আকারে ৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে তিন নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কভাবে উপকূলের কাছাকাছি চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল, সেটি শুক্রবার সকালে সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয় এবং সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকার একাধিক স্থানে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। এ সময় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

মতামত দিন