আবহাওয়া
ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তর বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় নতুনভাবে একটি লঘুচাপ তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাবে দেশের তিনটি বিভাগের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৌসুমি বায়ুর বিস্তার বর্তমানে উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসামের দিকে বিস্তৃত। দেশের অভ্যন্তরে বায়ুটি সক্রিয়, এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি শক্তিতে বিরাজ করছে।

অধিদপ্তর আরও জানিয়েছে, ২৪ সেপ্টেম্বরের দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলে আরেকটি লঘুচাপ গঠিত হতে পারে, যা সময়ের সঙ্গে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রাখে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ অঞ্চলে, এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবারের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের নির্বাচিত এলাকায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকার কিছু অংশে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব অঞ্চলে—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে—বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশজুড়ে কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা আগের মতোই প্রায় অপরিবর্তিত থাকবে।

মতামত দিন