আবহাওয়া
ছবি: সংগৃহীত

টানা বর্ষণে ঢাকার রাস্তায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগে নগরবাসী।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকায় গত রাত থেকে ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে শহরের বিভিন্ন সড়ক হাঁটুপানি থেকে কোমরসমান পানিতে তলিয়ে যায়। এতে কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের ভোগান্তি চরমে ওঠে।

সকাল সাড়ে সাতটার দিকে ফার্মগেট, মগবাজার, ধানমন্ডি, আসাদগেট, কলাবাগান, নিউমার্কেট, মোহাম্মদপুর, মিরপুর ১০ ও শেওড়াপাড়ায় রাস্তায় পানি জমে থাকতে দেখা যায়। বিশেষ করে আসাদগেট, শেওড়াপাড়া ও মগবাজার এলাকায় যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে  দুটি লঘুচাপ তৈরি হতে পারে—একটি ২৪ ঘণ্টার মধ্যে এবং অপরটি ২৪ সেপ্টেম্বরের দিকে।

আজকের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে দুপুর ১টার মধ্যে ঢাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

হঠাৎ এই বর্ষণে অনেকেই অফিস-আদালতে যেতে না পেরে ঘরে আটকা পড়েন, আবার কেউ কোমরসমান পানি ঠেলে কষ্ট করে কর্মস্থলে পৌঁছান।

মতামত দিন