আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির আভাস।
বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিম জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বর্ষণ হতে পারে। ইতোমধ্যে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত থেকে কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে বলেও টিমটির পক্ষ থেকে জানানো হয়েছে।
রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ সীমান্তবর্তী অংশ, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারসহ আশপাশের অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ঝুঁকি বেশি বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, উজান এলাকাতেও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এর ফলে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে উঠতে পারে। যেসব নদীতে ইতোমধ্যে পানি সীমা অতিক্রম করেছে, সেখানে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ অস্থায়ী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি শক্তি নিয়ে বিরাজ করছে। মৌসুমি অক্ষের একটি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এবং এর বর্ধিতাংশ বঙ্গোপসাগরের উত্তরাংশ পর্যন্ত নেমে এসেছে।

মতামত দিন