৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর।
আগামী ২৪ ঘণ্টায় দেশের চারটি বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের অন্যান্য এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু অঞ্চলেও দমকা হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
এ সময় দেশের দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।
পরবর্তী তিন দিনের আভাসে বলা হয়েছে—
-
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টিও নামতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
-
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। ওইদিন তাপমাত্রা সামান্য কমতে পারে।
-
রোববার (২১ সেপ্টেম্বর) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বহু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
এছাড়া, পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে— ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমে আসবে।
মতামত দিন