দেশের উত্তরাঞ্চলে নতুন বন্যার আশঙ্কা, সতর্ক করলো বন্যা পূর্বাভাস কেন্দ্র।
দেশের উত্তরাঞ্চলের নিম্নভূমিতে নতুন করে বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটির বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী তিনদিনে উত্তরাঞ্চলের ১২ জেলার নদীগুলোর পানি সতর্কসীমার কাছাকাছি বা ওপরে প্রবাহিত হতে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রে জানানো হয়, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদে পানির স্তর দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা ও দুধকুমার নদ বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদীঘেঁষা এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভোগাই-কংস নদ-নদীর পানি হঠাৎ বেড়ে সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার বিভিন্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে ডুবে যেতে পারে।
একই সময়ে চট্টগ্রাম অঞ্চলের কয়েকটি নদীরও পানি বাড়তে পারে। বিশেষ করে হালদা, সাঙ্গু, মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে, যার ফলে ফেনী ও চট্টগ্রাম জেলার নীচু এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, আগামী দুই দিন দেশের ভেতরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর প্রভাবে নদ-নদীর পানি দ্রুত বাড়বে এবং উজান থেকেও ঢল নামতে পারে। তবে তিনি আশ্বাস দেন, পানি বেড়ে গেলেও পরে দ্রুতই কমে আসবে।
মতামত দিন