দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা, ভূমিধসের সম্ভাবনা।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ছয় বিভাগে আজ থেকে অতি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বার্তায় উল্লেখ করা হয়েছে, সক্রিয় দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন জায়গায় ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ১৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণের কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঢাকার কিছু এলাকা এবং চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকা এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে, রাতের তাপমাত্রা সামান্য কম থাকবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হবে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মতামত দিন