আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের অধিকাংশ অঞ্চলে ৫ দিন বৃষ্টির সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ গঠিত হওয়ায় দেশের অধিকাংশ অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই নিম্নচাপ আগামী কয়েকদিন সক্রিয় থাকবে, যার প্রভাবে দেশের বিভিন্ন জেলায় টানা পাঁচ দিন ধরে বৃষ্টি হতে পারে।

ঢাকাতেও দিনভর আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, “লঘুচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে যাবে। গত দুই দিন ধরে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হচ্ছে এবং সামনের দিনগুলোতেও এই প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। ঢাকায় দিনের বেশিরভাগ সময় গুমোট আবহাওয়া বিরাজ করবে।  আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সঙ্গে সঙ্গে কমবেশি বৃষ্টিপাত হতে পারে।”

তিনি আরও জানান, “যখন লঘুচাপ তৈরি হয়, আশেপাশের এলাকা থেকে বাতাস ওই নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এতে বাতাসের আর্দ্রতা এবং জলীয়বাষ্প বেড়ে যায়, যা বৃষ্টিপাতের পরিমাণ বাড়াতে সহায়তা করে। বর্ষাকালে বঙ্গোপসাগরে এ ধরনের লঘুচাপ বেশি তৈরি হয় এবং এর প্রভাবে একাধিক এলাকায় কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টি হতে পারে।”

অপরদিকে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী,শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের অনেক এলাকায়, পাশাপাশি রাজশাহী, ঢাকা ও খুলনার কিছু স্থানে হঠাৎ দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় দেশের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

মতামত দিন