কতদিন বৃষ্টি চলবে, জানাল আবহাওয়া অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, দু-এক দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা বৃষ্টির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারে। তবে শনিবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমে আসার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকেই বৃষ্টিপাত কমে গিয়েছে এবং তাপমাত্রা বেড়েছে। ১ সেপ্টেম্বর সিলেটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় সেই দিন ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এরপর থেকে বৃষ্টি কমতে থাকে এবং গরম আরও বেড়ে যায়। মাঝখানে কয়েক দিন দেশে তেমন বৃষ্টি হয়নি।
গত দুই দিনে বৃষ্টিপাত কিছুটা বেড়েছে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।বৃহস্পতিবার সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে ফরিদপুরে, ৪২ মিলিমিটার। ঢাকায় সেই দিন ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, ঢাকায় দুপুরের পর বৃষ্টি বাড়তে পারে, তবে তা তীব্র হবে না। তিনি আরও বলেন, আজ রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার বৃষ্টি কমতে পারে এবং রোববারের পর আবার কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে।
তিনি বলেন, সাময়িক লঘুচাপের পাশাপাশি কিছুদিন আগের লঘুচাপ ও স্থল নিম্নচাপের প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের সরবরাহ বেড়েছে। এছাড়া বর্তমানে মৌসুমি বায়ু আগের তুলনায় বেশি সক্রিয় হয়ে উঠেছে, যা বৃষ্টির পরিমাণ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ কারণ।

মতামত দিন