আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, দেশে বৃষ্টির মাত্রা বাড়তে পারে।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে একটি লঘুচাপ গঠিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিনে দেশে বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।


মৌসুমী বায়ু বর্তমানে দেশের ওপর সক্রিয় অবস্থায় আছে এবং উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে মাঝামাঝি অবস্থান করছে। এর কারণে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা বেশি দেখা যাচ্ছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ও শনিবারের পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু অংশেও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি নামতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা তেমন পরিবর্তন নাও হতে পারে।

রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সেদিন রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় এবং অন্যান্য বিভাগের বহু স্থানে বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোমবারের (১৫ সেপ্টেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, প্রায় সব বিভাগের বিস্তৃত এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারী বর্ষণ দেখা দিতে পারে। সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় খুলনায়, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি।

মতামত দিন