টানা ৫ দিনের বৃষ্টিপাতের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে সারাদেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা পর্যন্ত এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ দুর্বল হয়ে এখন লঘুচাপে পরিণত হয়ে উত্তর ছত্তিশগড় ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্র, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে সোমবার (৪–৮ সেপ্টেম্বর) প্রতিদিনই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার দিনে ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে শনিবার ও সোমবার তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া আগামী পাঁচ দিনে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন