আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা  ও সমুদ্রবন্দরের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সংস্থাটির পৃথক দুই সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, উড়িষ্যা উপকূলের অদূরে অবস্থানরত এই সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় থেকে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর (পুনঃ) ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত দুপুর ১টা পর্যন্ত কার্যকর আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মতামত দিন