রাতে সাত জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কতা।
আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, দেশের সাতটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া আগামীকাল শনিবার (২৩ আগস্ট) সকাল পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি কয়েক দিন ধরে চলতে পারে এবং কোথাও কোথাও অতি ভারি বর্ষণের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
মতামত দিন