আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী ৭২ ঘণ্টায় দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ছয়টি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী (পুর) পার্থ প্রতীম বড়ুয়া এ তথ্য জানান। তিনি বলেন, “সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগে আগামী তিন দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে। তিস্তার পানি নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।”

চট্টগ্রাম বিভাগের নদীগুলোর মধ্যে ফেনী, মুহুরি, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এর ফলে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুরের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুবাছরা, জাদুকাটা, ঝালুখালী,  মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বলেও সতর্ক করেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা।

মতামত দিন