উপকূলে সক্রিয় মৌসুমি বৃষ্টিবলয় ‘স্পিড’, ভারী বর্ষণের পূর্বাভাস।
দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় জেলাগুলোতে নতুন করে সক্রিয় হয়েছে মৌসুমি বৃষ্টিবলয় ‘স্পিড’। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বুধবার (২০ আগস্ট) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ভোর রাত থেকেই উপকূলীয় এলাকায় ভারী বর্ষণ শুরু হয়েছে এবং সারাদিন ধরে কয়েক দফা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর আগে রাতের আরেক পোস্টে বিডব্লিউওটি জানায়, এটি আংশিক বৃষ্টিবলয় হলেও দেশের বড় অংশে বৃষ্টি নামাতে সক্ষম হবে। তাদের পূর্বাভাস অনুযায়ী, এবারকার বৃষ্টিবলয় দেশের প্রায় ৬০ শতাংশ এলাকায় প্রভাব ফেলতে পারে। এটি এ বছরের ১১তম এবং মৌসুমি ধাঁচের ৭ম বৃষ্টিবলয়।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে মাঝারি সক্রিয়তা বজায় রাখবে বৃষ্টিবলয়টি। রাজশাহী ও রংপুর বিভাগে এর প্রভাব তুলনামূলক কম থাকবে। তবে ২১ থেকে ২৫ আগস্টের মধ্যে এটি সক্রিয় থাকবে, যার মধ্যে ২২ থেকে ২৪ আগস্ট সময়টা সবচেয়ে তীব্র হতে পারে।
সংস্থাটি জানায়, টানা ও দীর্ঘস্থায়ী বৃষ্টির পাশাপাশি অনেক জায়গায় ঝাঁকে ঝাঁকেও ভারী বর্ষণ নামতে পারে। দক্ষিণাঞ্চলের কিছু নিচু এলাকা ভারী বৃষ্টির সঙ্গে জোয়ারের পানিতে ডুবে যাওয়ার ঝুঁকি আছে। তবে এ সময় বড় কোনো ঝড়ের আশঙ্কা নেই, যদিও দমকা বাতাস উত্তর বঙ্গোপসাগর, উপকূল ও বৃষ্টিপ্রবণ এলাকায় বইতে পারে।
বিডব্লিউওটির হিসাবে, এই বৃষ্টিবলয় দেশের প্রায় অর্ধেক এলাকার সেচের চাহিদা মেটাতে পারবে। ২১ আগস্ট এটি উপকূল দিয়ে দেশে প্রবেশ করে ২৫ আগস্ট খুলনা অঞ্চল দিয়েই সরে যেতে পারে।
মতামত দিন