বঙ্গোপসাগরে লঘুচাপ: পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। পায়রা সমুদ্রবন্দরকে রবিবার (১৭ আগস্ট) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।
উপকূলজুড়ে বিকেল থেকে হালকা বৃষ্টিপাত শুরু হলেও ২১–২৪ আগস্ট পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সমুদ্র উত্তাল হওয়ায় গভীর সাগরের ট্রলারগুলো দ্রুত তীরে ফিরে আসছে। নৌযান ও জাহাজগুলোর জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকা আবশ্যক।
স্থানীয় জেলেরা জানিয়েছেন, ঝুঁকি এড়াতে তারা ঘাটে ফিরে আসছেন। মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরে ইতোমধ্যে শতাধিক ট্রলার নোঙর করেছে। আলীপুর মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি জলিল ঘরামী বলেন, “সাগরের ঢেউ এত তীব্র যে অনেক ট্রলার ইতিমধ্যেই তীরে ফিরে এসেছে, বাকিরাও সন্ধ্যার মধ্যে ফিরবেন।”
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, উপকূলজুড়ে ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। প্রশাসন সতর্ক থাকার পাশাপাশি নদী ও সাগরপথে ছোট নৌযান ও ট্রলার চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

মতামত দিন