বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত।
বঙ্গোপসাগরে নতুনভাবে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদফতর বুধবার (১৩ আগস্ট) এ বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।
এতে বলা হয়েছে, উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের কাছে পশ্চিম মধ্যবঙ্গোপসাগর ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে আজ সকাল ৬টায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বেশি দেখা যাচ্ছে। উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোতে দমকা বা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ এলাকায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না নতুন নির্দেশনা আসে।

মতামত দিন