উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের সম্ভাবনা।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ গড়ে উঠার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে দেশের আটটি বিভাগে বিভিন্ন মাত্রার বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (১২ আগস্ট) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে দমকা বাতাস।
বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
অন্যদিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অধিকাংশ সময় অপরিবর্তিত থাকবে। তবে আগামীকাল তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আসন্ন পাঁচ দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকার প্রবণতা থাকবে।
মতামত দিন