আবহাওয়া
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে জনজীবন।

নিজেস্ব প্রতিবেদক:

রাতভর বৃষ্টির পর চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে আগ্রাবাদ, কাতালগঞ্জ, জিইসি মোড়, ওয়াসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হাঁটু সমান পানি জমে যায়, ফলে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়।

সকালে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা জলমগ্ন সড়কে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও যানবাহন পাচ্ছেন না। অনেক এলাকায় গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এই সুযোগে রিকশা ও সিএনজিচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।

নগরবাসী বলছেন, নালা-নর্দমায় নিয়মিত ময়লা পরিষ্কার না করায় এবং সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তারা সতর্কবার্তায় জানিয়েছে, অতিবৃষ্টির ফলে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে—বিশেষ করে যেসব পরিবার পাহাড়ের ঢালে বসবাস করছে, তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে নগরীর জলাবদ্ধতা দূরীকরণে প্রায় ১৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্প চলমান রয়েছে। প্রকল্প বাস্তবায়নে কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), সিটি কর্পোরেশন, ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ড। সংশ্লিষ্টদের দাবি, পুরো প্রকল্প শেষ হলে চট্টগ্রাম জলাবদ্ধতা সমস্যামুক্ত হবে।


মতামত দিন