আবহাওয়া
ছবি: সংগৃহীত

৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা, পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণাঞ্চলের তিনটি বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৬ আগস্ট) এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

বিশেষত চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলে প্রবল বর্ষণের ফলে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, পঞ্চাশ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য বিভাগ—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটেও বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ।

সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে বার্তায়।

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ুর শক্তিশালী সক্রিয়তা এবং বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে আর্দ্রতার আধিক্যের কারণে এমন আবহাওয়া তৈরি হয়েছে। বৃষ্টিপ্রবণ এলাকায় নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে এবং নিচু অঞ্চল জলাবদ্ধতার ঝুঁকিতে পড়তে পারে।

মতামত দিন