আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর।

নিজেস্ব প্রতিবেদক:


সারা দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে মাঝারি মাত্রায়। ফলে আগামী পাঁচ দিন দেশে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে  বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৪ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দেশের আটটি বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এবং এর  একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।

বিভাগভিত্তিক বৃষ্টিপাতের পূর্বাভাস:

  • ৫ আগস্ট (মঙ্গলবার): ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং বাকি বিভাগগুলোতেও অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে।

  • ৬ আগস্ট (বুধবার): রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

  • ৭ আগস্ট (বৃহস্পতিবার) এবং ৮ আগস্ট (শুক্রবার): আটটি বিভাগেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, ৯ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে পাহাড়ি এবং জলাভূমি এলাকায় ভারী বৃষ্টির কারণে ভূমিধস বা জলাবদ্ধতার আশঙ্কা থেকে যাচ্ছে।

মতামত দিন