আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টির সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

শ্রাবণের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে। তবে ঢাকায় আজ কিছুটা  বিরতি মিলতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা খানিকটা হ্রাস পাওয়ায় রাজধানীতে রোববার তুলনামূলক কম বৃষ্টি হতে পারে। শনিবারও রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল কম।

রোববার (৩ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ আশপাশের আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া তুলনামূলক ভ্যাপসা থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার সন্ধ্যায় দেওয়া আরেকটি পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত এবং এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।

এই প্রেক্ষাপটে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি  হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী একদিনে একইভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সেই সঙ্গে এসব অঞ্চলের কিছু জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন