আবহাওয়া
ছবি: সংগৃহীত

উত্তাল সমুদ্র, বিপাকে উপকূলের জেলেরা।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সমুদ্র হয়ে উঠেছে অস্থির। বৈরী আবহাওয়ার কারণে ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

ফলে উপকূলীয় জনপদে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।

পটুয়াখালীর আকাশ বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা ছিল ঘন মেঘে। থেমে থেমে বৃষ্টি, সঙ্গে ছিল দমকা বাতাস। উপকূলের নদ-নদীতে স্বাভাবিকের তুলনায় পানির উচ্চতা বেড়েছে। এরই মধ্যে সাগর থেকে  ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার মাঝি জানালেন, “দুই দিন আগে সমুদ্রে গিয়েছিলাম, কিন্তু ভোর রাতে ঝড়ের ভয়ে তাড়াতাড়ি ফিরতে হয়েছে। দুই লাখ টাকার উপকরণ নিয়ে গিয়েছিলাম, হাতে এসেছে মাত্র ৮০ হাজার টাকার মাছ। শুধু লসই হলো।”

একই রকম আক্ষেপ আরও জেলের কণ্ঠে। তাঁদের দাবি, মাছ ধরার মৌসুমে বারবার আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় জেলেরা চরম লোকসানে পড়ছেন।মাঝি বলেন, “একটা বড় মাছ ধরার সুযোগও পাচ্ছি না। বাজার সদায় করেই আবার খালি হাতে ঘাটে ফিরি।”

“বুধবার রাত থেকেই সাগর উত্তাল। বেশিরভাগ ট্রলারই ইতিমধ্যে তীরে ভিড়েছে। সমুদ্রে থাকা কয়েকটি ট্রলারও বিকেলের মধ্যে ফিরে আসবে বলে জানিয়েছে।”

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, “বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সৃষ্ট নিম্নচাপটি সক্রিয় রয়েছে। পায়রায় ৩ নম্বর সংকেত বহাল রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা এবং সমুদ্র উত্তাল পরিস্থিতি আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।”

উপকূলের মানুষ ও জেলেরা এখন শুধু আবহাওয়ার উন্নতির অপেক্ষায়। দুর্যোগ পেরিয়ে যেন আবার ফিরতে পারেন জীবিকার সেই চেনা সাগরে।

মতামত দিন